মানসিক চাপ: নতুন দৃষ্টিভঙ্গি ও মোকাবিলা পদ্ধতি

সাম্প্রতিক গবেষণায় মানসিক চাপকে নতুনভাবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু চাপ সৃষ্টিকারী পরিস্থিতি মানুষকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলতে পারে। সঠিক মানসিক কৌশল অবলম্বন করলে চাপের ইতিবাচক দিকগুলো কাজে লাগানো সম্ভব।
মানসিক চাপ আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা পরিস্থিতির প্রতি ব্যক্তির ব্যক্তিগত প্রতিক্রিয়া। কোনো বিষয় যত বেশি অর্থবহ হয়, তার প্রতি প্রতিক্রিয়াও তত তীব্র হতে পারে। তাই চাপ অনুভব করার অর্থ এই নয় যে আপনি শান্ত থাকতে পারছেন না, বরং এটি প্রমাণ করে যে বিষয়টি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষক কেলি ম্যাকগনিগাল তাঁর বইয়ে মানসিক চাপ মোকাবিলার নতুন কৌশল তুলে ধরেছেন। তিনি শান্ত হওয়ার চেষ্টার পরিবর্তে নিজের কাছে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো চিহ্নিত করে তা লিখে রাখার পরামর্শ দিয়েছেন। এতে কোন বিষয়গুলো বেশি অর্থবহ তা স্পষ্ট হয় এবং নিজেকে চাপে বিপর্যস্ত না ভেবে একজন যত্নশীল মানুষ হিসেবে দেখা সহজ হয়।
তীব্র মানসিক চাপের প্রতিক্রিয়া আসলে প্রতিকূলতা মোকাবিলার একটি প্রস্তুতি। দক্ষ ব্যক্তিরা চাপের সময় এটিকে দুশ্চিন্তা হিসেবে না দেখে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে গ্রহণ করেন। গবেষক লিসা ফেল্ডম্যান ব্যারেট ও তাঁর সহকর্মীদের মতে, নিজের আবেগগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং সেগুলোর নাম বলতে পারা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ায়। সব আবেগকে কেবল মানসিক চাপ হিসেবে অভিহিত করলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
এছাড়া মস্তিষ্ক অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতের পরিস্থিতি অনুমান করতে পারে। চাপ সম্পর্কে সঠিক ধারণা থাকলে ভবিষ্যৎকে আরও ইতিবাচকভাবে দেখার প্রস্তুতি নেওয়া সহজ হয়। এভাবে মানসিক চাপকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের মান উন্নত করা সম্ভব।