বিদেশ যাত্রায় বাধা সিজেপি নেতা সৌরভ দাসের, লুকআউট নোটিশের কারণ ঘিরে প্রশ্ন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী উড়ানে ওঠার সময় সিজেপি নেতা সৌরভ দাসকে আটক করা হয়েছে। গত ২৩ নভেম্বর অক্সফোর্ডের একটি প্যানেল ডিসকাশনে যোগ দিতে তাঁর যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে জানায় যে তাঁর পাসপোর্টে একটি সক্রিয় অ্যালার্ট রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে সৌরভ দাস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে শুনানির সময় কেন্দ্রীয় সরকার জানায়, মহারাষ্ট্র পুলিশের বিশেষ অনুরোধেই সৌরভের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের দাবি, সৌরভের শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা এবং পৈতৃক পরিচয়ের তথ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে, যা তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তবে সৌরভের আইনজীবীর দাবি, বিমানবন্দরে পৌঁছানোর আগে তাঁকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও এভাবে আটকানো মৌলিক অধিকারের পরিপন্থী বলে তিনি সওয়াল করেন। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ নম্বর ধারায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। এই ঘটনার জেরেই সৌরভ দাসসহ তিন সিজেপি নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। আদালত এই বিষয়ে বিস্তারিত নথি তলব করলেও, কেন্দ্রীয় সরকার তা তাৎক্ষণিকভাবে পেশ করতে অপারগতা প্রকাশ করে।