কমলা বনাম আঙুর: রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোনটি বেশি উপকারী?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আঙুরের চেয়ে কমলাকে বেশি কার্যকর বলে বিবেচনা করা হয়। এর প্রধান কারণ হলো, কমলায় আঙুরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়, তাই বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে।
কমলায় আঙুরের চেয়ে প্রায় দ্বিগুণ আঁশ বা ফাইবার থাকে। এই আঁশ হজমের গতি ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমায়।
পুষ্টিগুণের দিক থেকে কমলা ও আঙুরের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। কমলায় কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ কম থাকলেও এতে ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট ও ক্যালসিয়ামের মাত্রা বেশি। অন্যদিকে, আঙুরে ভিটামিন কে ও পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। আঙুরে কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে, তবে পেস্ট্রি বা কুকিজের মতো প্রক্রিয়াজাত খাবারের তুলনায় এর প্রভাব কম।
বিশেষজ্ঞদের মতে, ফলের রস না খেয়ে গোটা ফল খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, কারণ রসে ফলের প্রয়োজনীয় আঁশ থাকে না। একটি মাঝারি কমলার ওজন প্রায় ১৫৪ গ্রাম এবং এক কাপ বা ১৫০ গ্রামে প্রায় ২২টি আঙুর থাকে। সামগ্রিকভাবে দুটি ফলই পরিমিত মাত্রায় খাওয়া যেতে পারে। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা ও রক্তে শর্করার মাত্রা বিবেচনা করে সঠিক পরিমাণ নির্ধারণ করা জরুরি।