মাঝআকাশে হুলুস্থুল, এয়ার ইন্ডিয়া বিমানে পাইলটের ডোপ টেস্ট নিয়ে চাঞ্চল্য!
ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে তীব্র ঝাঁকুনি ও উচ্চতা হ্রাসের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ওই বিমানের একজন পাইলট ‘ডোপ টেস্ট’-এ উত্তীর্ণ হতে পারেননি। এ ঘটনার জেরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই পাইলটকে উড়ানের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। গত ৫ আগস্ট ঘটে যাওয়া এই ঘটনায় ৪ জন কেবিন ক্রু-সহ মোট ১৭ জন যাত্রী আহত হয়েছিলেন।
অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা (DGCA) বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ডোপ টেস্টের অফিসিয়াল রিপোর্ট এখনও হাতে না এলেও এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, তারা তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্তের প্রয়োজন আছে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে।