মহাকাশের যুদ্ধ, এবার ট্রাম্পের UFO রহস্য ফাঁস!
ভিনগ্রহী সংক্রান্ত গোপন নথি প্রকাশের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিনগ্রহী এবং অজ্ঞাত আকাশযান (UFO) সংক্রান্ত গোপন নথি জনসমক্ষে আনার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ট্রাম্প মার্কিন যুদ্ধসচিব এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে যাবতীয় মহাজাগতিক তথ্য একত্রিত করার নির্দেশ দিয়েছেন। ইরান যুদ্ধের কারণে বিশ্ব যখন জ্বালানি সংকটে জর্জরিত, ঠিক সেই মুহূর্তে এই ঘোষণা নতুন জল্পনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, আমেরিকা ভিনগ্রহীদের অস্তিত্ব এবং আকাশপথে ঘটা অস্বাভাবিক ঘটনাগুলো (UAP) সাধারণ মানুষের আড়ালে রেখেছে। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন জনগণের এই বিষয়টি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে এবং তাদের জানার অধিকারকে মান্যতা দিয়েই স্বচ্ছতা আনার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এরিয়া-৫১ সংক্রান্ত মন্তব্যের পর বর্তমান প্রশাসনের এই তৎপরতা বিশ্ব রাজনীতি ও বিজ্ঞানের মহলে নতুন সমীকরণ তৈরি করেছে।
মার্কিন প্রেসিডেন্টের এই নির্দেশের ফলে কয়েক দশকের পুরনো সামরিক নথি ও মহাকাশ গবেষণার অপ্রকাশিত তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। এটি কেবল বিজ্ঞানের দৃষ্টিতেই নয়, বরং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত হোয়াইট হাউস শেষ পর্যন্ত কতটুকু এবং কী ধরনের চাঞ্চল্যকর তথ্য বিশ্বের সামনে হাজির করে, তা দেখার বিষয়।