মহরমের মিছিলে বিষ প্রয়োগের ছক! মুম্বইয়ে ১৫ হাজার বিষের ক্যাপসুলসহ ধৃত এক!

মুম্বইয়ের জেজে এবং বাইকুল্লা এলাকায় অভিযান চালিয়ে মহরমের মিছিলে বিষ প্রয়োগের মাধ্যমে নাশকতার ছক বানচাল করেছে মুম্বই পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফায়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে আটক করেছে এবং তাঁর কাছ থেকে প্রায় ১৪,৯০০টি ইঁদুর মারার বিষভর্তি ক্যাপসুল উদ্ধার করেছে। অভিযুক্ত পুনের বিমান নগর এলাকার বাসিন্দা এবং মুম্বইয়ের ডোংরির একটি গেস্ট হাউসে ডেরা বেঁধে ৫০ কেজি জিঙ্ক ফসফাইড সংগ্রহ করেছিল। পরিকল্পনা ছিল, প্রতিটি ক্যাপসুলে ১ গ্রাম করে বিষ ভরে মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে তা বিলি করা।

তদন্তকারীদের নজরে এসেছে, অভিযুক্ত ফায়াজ ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে বহুবার ইরান ও ইরাক সফর করেছে, যার মধ্যে গত এক বছরেই সে ১৯ বার বিদেশ ভ্রমণ করেছে। অভিযুক্তের পরিবারের সদস্যরাও বর্তমানে ইরানে রয়েছেন, ফলে তার এই ঘনঘন বিদেশ সফরের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৯, ১১০ এবং ১২৩ ধারায় বিষ প্রয়োগ ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোট ৩০ হাজার ক্যাপসুল তৈরির ছক কষেছিল এবং এটি কোনো বৃহত্তর জঙ্গি বা অপরাধী চক্রের পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *