মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আতঙ্ক, নতুন করে সম্মুখ সমরে আমেরিকা ও ইরান!
মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সব সম্ভাবনা নস্যাৎ করে ফের যুদ্ধের দামামা বেজে উঠেছে। সোমবার একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংসের রেশ কাটতে না কাটতেই, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে। একে অপরের সামরিক ঘাঁটিতে লাগাতার এই হামলার ঘটনায় বর্তমানে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।
সোমবার অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংসের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার বিকেলে ইরানের হরমোজগান প্রদেশের কোহেস্তাক, সিরিক, মিনাব এবং বন্দর আব্বাস এলাকায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান বাহরিনে মোতায়েন মার্কিন নৌবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করে। এছাড়া জর্ডানে অবস্থিত মার্কিন আল আজরাক বিমানঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক আধিপত্য নিয়ে এই সংঘাত বিশ্ববাজারে তেলের সরবরাহসহ সামগ্রিক ভূ-রাজনীতিতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।