ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প! ৫৯৮ জনের মৃত্যু, পাশে দাঁড়াল ভারত
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জনে এবং আহতের সংখ্যা প্রায় ৩,০০০। গত বুধবার সন্ধ্যায় মাত্র ৩৮ সেকেন্ডের ব্যবধানে হওয়া এই প্রলয়ংকরী কম্পনে বিধ্বস্ত হয়েছে দেশটির অনেক এলাকা। কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্পের পরপরই ৭.৫ মাত্রার দ্বিতীয় ধাক্কায় রাজধানী কারাকাস ও লা গুয়াইরা এলাকা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। লা গুয়াইরায় শতাধিক বাড়ি ধূলিসাৎ হওয়ার পাশাপাশি ৭০ হাজারের বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই সংকটময় পরিস্থিতিতে ভেনেজুয়েলার সহায়তায় এগিয়ে এসেছে ভারত। শুক্রবার হিন্দন এয়াফোর্স স্টেশন থেকে দুটি সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর ‘৬০ প্যারা ফিল্ড হাসপাতাল’-এর ৮১ সদস্যের একটি বিশেষ দল এবং অত্যাধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল ‘ভীষ্ম কিউব’, যার মাধ্যমে ২০০ জন রোগীকে জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার সহায়তা দেওয়া সম্ভব। এছাড়া আমেরিকা ১৫০ মিলিয়ন ডলার এবং রাষ্ট্রপুঞ্জ ১৫ মিলিয়ন ডলার ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর সতর্কবার্তা, ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করলে ত্রাণকার্য পরিচালনা ও পরিস্থিতি স্বাভাবিক করা চ্যালেঞ্জিং হয়ে পড়বে।