ভুয়ো ভারতীয় পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা

সাত বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাসকারী এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ। ধৃত ওই মহিলার নাম সালমা বিবি। জানা গিয়েছে, তিনি বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন দপ্তরে ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার পর আধিকারিকদের সন্দেহ হয়। নথিপত্র যাচাই করার সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে জানা গেছে, ওই মহিলা সাত বছর আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি আর নিজের দেশে ফিরে যাননি। নদিয়ার শান্তিপুর এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে বসবাস করছিলেন। এদেশে থাকার জন্য তিনি জাল নথিপত্র তৈরি করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান তিনি।
শুক্রবার ধৃত ওই মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তিনি কেন এতদিন অবৈধভাবে ভারতে ছিলেন, কীভাবে এবং কার সহায়তায় ভুয়ো নথিপত্র তৈরি করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র জড়িত কি না, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।