ভারত কি হামাসকে নিষিদ্ধ করবে?
হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে ভারত সরকারের কাছে ইসরায়েলের আনুষ্ঠানিক অনুরোধ
ইসরায়েল সরকার ভারত সরকারের কাছে হামাসকে একটি ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক অনলাইন বৈঠকে এই আবেদন পেশ করেন ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডেয়ন সার। ইসরায়েলের অভিযোগ, হামাসের সঙ্গে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবা এবং অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সরাসরি যোগসূত্র রয়েছে। তারা একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে, যা আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার জন্য চরম হুমকি বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসরায়েলের এই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারত সাধারণত রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা অনুসরণ করে কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করে থাকে। তবে ইসরায়েলের এই অনুরোধের ফলে ভারত সরকার একটি নতুন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। যদি ভারত এই অনুরোধ গ্রহণ করে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের সম্পর্কে প্রভাব পড়তে পারে, তবে একই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে ভারতের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটবে। ইসরায়েল মনে করে, ভারতের মতো প্রভাবশালী দেশের এই ধরনের সমর্থন আন্তর্জাতিক স্তরে হামাসকে একঘরে করতে বড় ভূমিকা পালন করবে।