ভারতীয় ভিসা ব্যবস্থায় বড় বদল: ‘ট্যুরিস্ট ভিসা’র নাম বদলে ‘ভিজ়িটর ভিসা’ করল স্বরাষ্ট্র মন্ত্রক

ভারতীয় ভিসা ব্যবস্থায় বড় বদল: ‘ট্যুরিস্ট ভিসা’র নাম বদলে ‘ভিজ়িটর ভিসা’ করল স্বরাষ্ট্র মন্ত্রক

ভারতীয় ভিসা ব্যবস্থাকে আরও সহজ ও সুসংহত করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভিসার মূল বিভাগের সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি এবং উপ-বিভাগের সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার মতো বিষয়গুলোকে একত্রিত করে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে আগের ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে এখন থেকে ‘ভিজ়িটর ভিসা’ করা হয়েছে।

নতুন এই ভিজ়িটর ভিসাকে ভি-১ এবং ভি-২—এই দুই উপ-শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুবিধা থাকবে। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদী ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা-পরামর্শ, ওয়েলনেস রিট্রিট এবং যোগব্যায়াম বা সঙ্গীত সংক্রান্ত কোর্স করা যাবে। অন্যদিকে, ভি-২ ভিসা দীর্ঘমেয়াদী সফরের জন্য প্রযোজ্য হবে, যার মেয়াদ ১, ৫ বা ১০ বছর পর্যন্ত হতে পারে। বিদেশি পর্বতারোহীদের দীর্ঘ সময় ভারতে থাকার ব্যবস্থাও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে। ভিসার আবেদনপত্রে থাকা তথ্যের ঘরের সংখ্যাও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, যাতে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হয়। মন্ত্রকের নিজস্ব তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের পর চলতি বছরের শেষেই এই সংশোধিত কাঠামো কার্যকর করা হতে পারে। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও ভিসা পদ্ধতির সরলীকরণের লক্ষ্যে বিভাগ ও উপ-বিভাগের সংখ্যা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *