ভরাডুবির পর তৃণমূলের বড় চমক, ফের কুণাল-রাজীবদের কাঁধেই উত্তর ও হাওড়ার ব্যাটন!
বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর দলীয় সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। অভ্যন্তরীণ ক্ষোভ ও বিদ্রোহ সামাল দিতে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ও সাংগঠনিক স্তরে একঝাঁক পরিবর্তন এনেছেন। নতুন ও তরুণ নেতৃত্বের পরিবর্তে পুরনো, অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতাদের ওপরই এই রদবদলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এই পরিবর্তনের মাধ্যমে উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। হাওড়া সদর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে অরূপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবং দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমারের পরিবর্তে নতুন সভাপতি হয়েছেন বৈশ্যানর চট্টোপাধ্যায়। এছাড়া ব্যারাকপুর সাংগঠনিক জেলায় পার্থ ভৌমিকের জায়গায় অমিত গুপ্ত এবং দার্জিলিং জেলার চেয়ারম্যান হিসেবে গৌতম দেবকে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার দায়িত্ব ফিরে পেয়েছেন প্রবীণ নেতা অসিত মজুমদার। নির্বাচনের ভরাডুবির পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এবং শীর্ষ নেতৃত্বের অনাস্থার কারণে এই অঞ্চল থেকে দেবাংশু ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে।