বেতন ও ডিউটির দাবিতে উত্তাল আসানসোল পুরসভা!
আসানসোল পুরসভায় আশা সুপারভাইজারদের লাগাতার কর্মবিরতি এবং সাফাইকর্মীদের কাজের সময়ের দাবিতে বিক্ষোভের জেরে শহরের স্বাস্থ্য ও নিকাশি ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে বুধবার থেকে আশা সুপারভাইজারা কর্মবিরতি শুরু করে পুরসভার হেলথ অফিসারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। অন্যদিকে, কাজের সময়সীমা পুনর্বিন্যাসের দাবিতে কুলটি বিধানসভার ৮, ৯ ও ১০ নম্বর বরোর ২৮টি ওয়ার্ডে সাফাইকর্মীরা কাজ বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়েছে শহরের পরিচ্ছন্নতা পরিষেবায়।
আশা সুপারভাইজারদের দাবি, ২০১১ সাল থেকে তাঁরা ৬২০০ টাকা বেতনে কাজ করছেন যা বর্তমান পরিস্থিতিতে অপর্যাপ্ত। আসন্ন শনিবার পোলিও কর্মসূচি থাকলেও তাঁদের আন্দোলনের কারণে তা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুরসভার হেলথ অফিসার সোমনাথ মণ্ডল জানিয়েছেন, বেতন বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এবং তিনি দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। একইসঙ্গে সাফাইকর্মীরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এক টানা ৮ ঘণ্টা কাজের দাবিতে অনড় রয়েছেন। পুর কর্তৃপক্ষ সাফাইকর্মীদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও, উভয় ধর্মঘটের জেরে নাগরিক পরিষেবা কার্যত থমকে গেছে।