বীরভূমে চমক, পিএমশ্রী প্রকল্পের অধীনে বেছে নেওয়া হলো ২৭৮টি স্কুল!

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে বীরভূম জেলায় ‘পিএমশ্রী’ (প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া) প্রকল্প চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার ১৯টি ব্লকের মোট ২৭৮টি সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়কে এই প্রকল্পের প্রাথমিক বাছাইপর্বের তালিকায় রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পরিদর্শন ও সমীক্ষার কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিস্ট বিদ্যালয়গুলো।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও মফস্বলের স্কুলগুলিকে আধুনিক পরিকাঠামো ও উন্নত শিক্ষাব্যবস্থার সাহায্যে আদর্শ মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় ১ কোটি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সর্বোচ্চ আড়াই কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে, যার ৬০ শতাংশ ব্যয় বহন করবে কেন্দ্র এবং ৪০ শতাংশ রাজ্য সরকার। এই অর্থে স্মার্ট ক্লাসরুম, ল্যাবরেটরি, লাইব্রেরি ও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলা হবে। বর্তমানে ২৭৮টি বাছাইকৃত স্কুলের মধ্যে প্রথম দফায় প্রায় ৫০টি বিদ্যালয় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে এই মহাপরিকল্পনার লক্ষ্যমাত্রা পূরণের কাজ চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *