বিধানসভার সই জাল কাণ্ড, সিআইডি-র নজরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

বিধানসভার সই জালিয়াতির মামলায় তৃণমূল সাংসদ ও বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। বৃহস্পতিবার সিআইডির এক আধিকারিক ফোনে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তিনি তীব্র আপত্তি জানান। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি বর্তমানে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় তৃণমূলের আইনজীবী হিসেবে সওয়াল করছেন। পেশাগত দায়িত্ব পালনরত একজন আইনজীবীকে এই ধরনের মামলায় জিজ্ঞাসাবাদ করা যায় কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন। প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত একটি নথিতে কয়েকজন বিধায়কের সই জাল করার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। বিধানসভার সচিবের অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া এই মামলায় সিআইডি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে। আইনজীবীদের আইনি রক্ষাকবচ থাকা সত্ত্বেও সিআইডির এই জিজ্ঞাসাবাদের উদ্যোগকে ঘিরে পুলিশ প্রশাসন ও আইনজীবী মহলের মধ্যে আইনি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *