অভিষেকের বাড়িতে পুরসভার অভিযান, এবার কি বড় কোনো পদক্ষেপ?

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মঙ্গলবার দুপুরে আচমকা পরিমাপ অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উস্কানিমূলক মন্তব্যের জেরে সিআইডি-র তলবে ভবানী ভবনে হাজিরা দিচ্ছিলেন, ঠিক সেই সময়েই পুরসভার একটি প্রতিনিধি দল পটুয়াপাড়ায় তাঁর বাসভবনে উপস্থিত হয়। দুপুর ১টা নাগাদ পুরকর্মীরা ফিতে দিয়ে বাড়ির বিভিন্ন অংশ মাপজোক করতে শুরু করেন।

পুরসভার অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে বাড়িটি তৈরি হয়েছে কি না, তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সীমানা প্রাচীর নির্মাণের ক্ষেত্রে ফুটপাতের জায়গা দখল করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযানে পুরকর্মীরা মূল ভবনের পাশাপাশি বাড়ির সীমানা প্রাচীর, কালো গেট ও পার্শ্ববর্তী এলাকার দূরত্ব পরিমাপ করেন এবং পুরসভার নকশার সঙ্গে বাস্তব নির্মাণের তুলনা করেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছে পুরসভা, যার বিরুদ্ধে তাঁর বাবা-মা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ আইনি অনুমোদন মেনেই তৈরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *