বিজেপিকে সাহায্য করলে পরের বার জামানত বাজেয়াপ্ত হবে! তৃণমূলের ভাঙন নিয়ে গর্জে উঠলেন নওশাদ

তৃণমূলের ভাঙন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন নওশাদ সিদ্দিকি

২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দল ও সংসদে নজিরবিহীন ভাঙনের মুখে পড়ে কোণঠাসা তৃণমূল কংগ্রেস। দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের একাংশের আলাদা ব্লক তৈরি এবং সিংহভাগ সাংসদের এনডিএ সমর্থনের ঘোষণার প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূলের এই পরিস্থিতির জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলে নওশাদ অভিযোগ করেছেন, অতীতে অন্য দলের নেতাদের ভাঙানোর যে নোংরা রাজনীতি মমতা শুরু করেছিলেন, আজ তাঁর দলই সেই সংস্কৃতির শিকার হচ্ছে। দলের নেতাদের দুর্নীতিই তাদের এই পরিণতির কারণ বলে তিনি মন্তব্য করেন।

মুর্শিদাবাদের তিন সাংসদের দলবদল ও বিজেপিকে পরোক্ষ সমর্থনের তীব্র বিরোধিতা করে নওশাদ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হয়ে তাঁরা এখন যে বিজেপিকে সহায়তা করছেন, বাংলার মানুষ তা ক্ষমা করবে না। তাঁর হুঁশিয়ারি, আগামী নির্বাচনে এমন দলবদলু নেতাদের কোনো অস্তিত্ব থাকবে না এবং হয় তাদের বিজেপির টিকিটে লড়তে হবে, নয়তো জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়া, আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া বিধানসভা অধিবেশন নিয়ে তিনি বলেন, সরকার পক্ষ ‘গৃহপালিত বিরোধী’ দল চাইলেও এবারের অধিবেশনে মুস্তাফিজুর রহমান ও তাঁকে আসল বিরোধীর ভূমিকা পালন করতে হবে। বর্তমানে যারা নিজেদের প্রধান বিরোধী দল বলে দাবি করছে, তারা পরোক্ষভাবে বিজেপিকেই সুবিধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *