বিজিবিএস দুর্নীতিতে নাম জড়াল মমতার, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু!
কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৩২৪.৭৩ কোটি টাকা দুর্নীতির বিস্ফোরক অভিযোগ আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় জবাবি ভাষণ দেওয়ার সময় এই তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) নামে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-কে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই টাকা হস্তান্তরের ফাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে।
একইসঙ্গে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ওয়াই চ্যানেলে ধর্নায় বসার অনুমতি তাঁর সরকারই দিয়েছিল। বিধানসভার অধিবেশনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস আর কোনোভাবেই রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না।