বাস্তব জীবনেই ধরা দিলেন ‘লেডি পুষ্পা’!

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থায় নতুন নজির স্থাপন করে দীর্ঘ আড়াই দশক পর সমাজের মূলস্রোতে ফিরে এলেন কুখ্যাত প্রাক্তন মহিলা মাওবাদী নেতা পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতায় নগরপালের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আগ্নেয়াস্ত্র জমা দেন। রাজ্য সরকারের পুনর্বাসনের আশ্বাসে আস্থা রেখে তাঁর এই আত্মসমর্পণকে রাজ্যে মাওবাদী দমনে প্রশাসনের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

২০০১ সালে সাংস্কৃতিক কর্মী হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেওয়া শকুন্তলা পরবর্তী সময়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ির মেচুয়ার বাসিন্দা থেকে সংগঠনের প্রথম সারির নেত্রীতে পরিণত হন। ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্তসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মাওবাদী নেটওয়ার্ক বিস্তারে বড় ভূমিকা ছিল তাঁর। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি মাওবাদী কার্যকলাপ ত্যাগের সিদ্ধান্ত নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে প্রশাসন তাঁকে বাসস্থান ও স্থায়ী জীবিকার নিশ্চয়তা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই আত্মসমর্পণ জঙ্গলমহল ও সীমান্তবর্তী এলাকায় মাওবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা দেবে। আত্মসমর্পণকারী নেত্রী নিজেও তাঁর প্রাক্তন সহযোদ্ধাদের হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *