বালি মাফিয়াদের নৃশংসতা! বিজেপি নেতাসহ তিন জনকে গাড়িতে জীবন্ত পুড়িয়ে হত্যা
ছত্তিশগড়ের নওগাঁই গ্রামে অবৈধ বালি খাদানের দখলদারি ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় বিজেপি নেতা ভরত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিং এবং তাঁর দুই সহযোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে দুষ্কৃতীদের পূর্বপরিকল্পিত হামলায় একটি গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থায় তাঁদের জীবন্ত দগ্ধ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশি তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের বিবাদের জেরে দুই সহযোগীকে নিয়ে গ্রামে যাওয়ার পথে ভরত সিংয়ের গাড়িটি দুটি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে ফেলে দুষ্কৃতীরা। এরপর গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ভেতরেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আকাশ ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ও মন্নু নামের চারজনকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।