গ্রেপ্তারির শঙ্কায় ফের হাই কোর্টে অভিষেকের পিএ সুমিত, কালই বড় শুনানি!
জমি দুর্নীতি ও নির্বাচনী টিকিট দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শালবনি থানার পুলিশ সক্রিয় হওয়ার পর গ্রেপ্তারির আশঙ্কায় তিনি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন। আদালতের মৌখিকভাবে বিষয়টি শোনার পর আগামী শুক্রবার এই আগাম জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে তাঁর দ্রুত শুনানির আবেদন খারিজ হয়েছিল, এটি দ্বিতীয় উদ্যোগ।
তদন্তে জানা গেছে, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তারের পর সুমিত রায়ের সংশ্লিষ্টতা সামনে আসে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজি এবং শালবনির জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাঁর নাম জড়িয়েছে। ইতিমধ্যে স্থানীয় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুক আউট নোটিস জারি করেছে। পুলিশ তাঁর অবস্থান জানতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি। শুক্রবারের শুনানিতে সুমিত রায় অন্তর্বর্তীকালীন সুরক্ষা না পেলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।