বাজেটের আগেই ধামাকা, বাংলার জন্য ৬০ হাজার কোটি বরাদ্দ!
সোমবার বিধানসভায় নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট পেশের প্রাক্কালে পশ্চিমবঙ্গের উন্নয়নে বিপুল আর্থিক প্যাকেজ ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। বিধানসভা নির্বাচনের সময় দেওয়া ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য এই আর্থিক বরাদ্দের হিসাব পেশ করেছেন। রাজ্যের আটকে থাকা উন্নয়নমূলক কাজ ও জল জীবন মিশনের জন্য ৪০ হাজার কোটি এবং রেল পরিকাঠামো উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা ইতিমধ্যেই প্রদান করেছে কেন্দ্র। পাশাপাশি আরও ৬০ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এই আর্থিক সহায়তার ফলে রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং পণ্য পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে এই অর্থ ব্যবহৃত হবে। এর মাধ্যমে মৎস্য চাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে দ্রুত উন্নয়নের লক্ষ্যেই কেন্দ্র সরকার এই আর্থিক পদক্ষেপ গ্রহণ করেছে।