রেড রোডে যোগের মহামিলন, সুস্থতার বার্তা দিলেন মোদী!
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে কলকাতার রেড রোডে আয়োজিত এক মেগা যোগ শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাজার হাজার মানুষ অংশ নেন। পশ্চিমবঙ্গের মাটিতে সরকারি উদ্যোগে আয়োজিত এটিই ছিল সবচেয়ে বড় গণ-যোগাযোগের অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। ‘সুস্থ বার্ধক্য’ মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও ঋষি অরবিন্দের জীবনদর্শনের প্রসঙ্গ টেনে সুস্থ জীবনযাপনে যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ‘যোগ ৩৬৫’ কর্মসূচির কথা উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে বাংলার এক কোটিরও বেশি মানুষ যোগ দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। রেড রোডের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে যান এবং সেখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবাহিনীর তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ— আইএনএস দুনগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশে উৎসর্গ করেন। এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা হন।