বসিরহাটে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া, নথিপত্র যাচাইয়ে তৎপর প্রশাসন

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরিচয় ও বসবাসের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে প্রশাসন।
মহকুমা শাসকের দপ্তরে জমা দেওয়া আবেদনপত্রে আবেদনকারীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কত সালে ভারতে এসেছেন, বাংলাদেশের কোথায় আদি বাড়ি, বর্তমানে কোথায় বসবাস করছেন এবং ভারতে থাকার স্বপক্ষে কী কী নথিপত্র রয়েছে। আবেদনকারীরা এই সমস্ত তথ্য ও নথি ফর্মের মাধ্যমে প্রশাসনের কাছে জমা দিচ্ছেন।
তবে প্রশাসন স্পষ্ট করেছে যে, শুধুমাত্র আবেদন জমা দিলেই কারও ভারতীয় নাগরিকত্ব বা বৈধ বসবাসের স্বীকৃতি মিলবে না। জমা পড়া সমস্ত নথিপত্র ও আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই প্রশাসনিকভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং নাগরিকত্বের বৈধতা নিয়ে এই প্রক্রিয়ায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে।