হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, কড়া সতর্কতা জারি ইরানের

হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, কড়া সতর্কতা জারি ইরানের

হরমুজ প্রণালীতে দুটি তেল ট্যাঙ্কার নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ইরানের অভিযোগ, জাহাজগুলি রাডার ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রেখে নিষিদ্ধ পথে যাওয়ার চেষ্টা করছিল। এই ঘটনার পর ইরানের নৌবাহিনী ওই জলপথে কঠোর সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং ট্র্যাফিক কন্ট্রোল সেন্টারের সমন্বয় ব্যতীত এই কৌশলগত জলপথ অতিক্রম করা নিষিদ্ধ করা হয়েছে।

ইরানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের আশ্বাসে ভরসা করে ট্যাঙ্কারের মালিকরা নিজেদের সম্পদ ঝুঁকির মুখে ফেলছেন। নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী যেকোনো ট্যাঙ্কারকে একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইজরায়েলি সামরিক অভিযানের পর থেকেই এই জলপথে চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইরান।

বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় এই ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এর আগে ইরান বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি করলেও, মার্কিন সেন্ট্রাল কমান্ড তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকমের দাবি, তারা মাঝপথেই দুটি ইরানি ড্রোন ধ্বংস করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে হরমুজ প্রণালী বর্তমানে একটি প্রধান ফ্ল্যাশপয়েন্ট হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *