বড় চমক! কলকাতায় ৫ নতুন জেলা ও ৩ বিমানবন্দরের মেগা ঘোষণা বাজেটে

সোমবার বিধানসভায় রাজ্যের নতুন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্যজুড়ে পাঁচটি নতুন জেলা গঠনের ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কলকাতার জন্য পৃথক জেলাশাসক ও স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা হবে। এছাড়া কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শিবমন্দির, গাজোল ও চাঁচলসহ আরও বেশ কিছু নতুন পুরসভা গড়ার ঘোষণাও এসেছে এই বাজেটে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পুরুলিয়া, বালুরঘাট ও মালদহে তিনটি নতুন বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে নদিয়ার কল্যাণীতে একটি বিশালাকার ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরির প্রস্তাব করা হয়েছে, যার জন্য ১০০০ থেকে ১৫০০ একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করে অর্থমন্ত্রী জানান, রাজ্যজুড়ে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যার মধ্যে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ৫০ হাজার অধ্যাপক, শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং ২০ হাজার পুলিশ কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন। একই সঙ্গে বিধায়কদের বার্ষিক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার ঘোষণাও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *