ট্রাম্পের কথায় চলি না! লেবানন থেকে সেনা প্রত্যাহারে সাফ না নেতানিয়াহুর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্টের কথামতো কাজ করেন না। রবিবার জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, ইজরায়েলের প্রতিটি সিদ্ধান্তের পেছনে দেশটির নিজস্ব স্বার্থ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা থাকলেও সব বিষয়ে দুই দেশের মতামত এক হওয়া সম্ভব নয়। পাশাপাশি, লেবানন থেকে সেনা প্রত্যাহার বা ইরান ইস্যুতে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না ইজরায়েল এবং এই বিষয়ে কোনো আপস করা হবে না। এছাড়া দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনার উপস্থিতি এবং সামরিক অভিযান চলমান থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে নেতানিয়াহুর ওপর তাঁর প্রভাব রয়েছে এবং তাঁর সমর্থন ছাড়া ইজরায়েলের অস্তিত্ব থাকা অসম্ভব। ট্রাম্পের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ নিজের অবস্থান ও দেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।