ফলতায় আইনের শাসন চলবেই, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার জয়ের পর এই প্রথমবার এলাকাটি সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি আগামী দিনে ফলতাকে একটি ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, সম্প্রতি গ্রেফতার হওয়া প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার ঘটনার প্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় এখন থেকে সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং কোনো প্রকার গুন্ডামি বা গায়ের জোর বরদাস্ত করা হবে না।

জনসভা থেকে মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এবং রাষ্ট্রবিরোধী ধারায় মামলা দায়ের করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করতে। এছাড়া তিনি বিগত সরকারের আমলে আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ ও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বলেন, দুর্নীতির এই হিসেব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়া হবে। ফলতা সফরে এসে মুখ্যমন্ত্রী সাফ জানান, এখানে আর কোনো কাটমানির লুটপাট চলতে দেওয়া হবে না এবং ডবল ইঞ্জিন সরকার প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *