পূর্ব ভারতে জেএমবির বিশাল জঙ্গি নেটওয়ার্ক ফাঁস, ১১ জনের বিরুদ্ধে চার্জশিট!
বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাসহ পুরো উত্তর-পূর্ব ভারতে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের একটি বড় ছক বানচাল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন ‘ইমাম মাহমুদের কাফিলা’ (আইএমকে)-এর ১১ জন সন্দেহভাজন সদস্যের বিরুদ্ধে গুয়াহাটির বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। ‘অপারেশন প্রঘাত’-এর মাধ্যমে গ্রেপ্তারকৃত এই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে কঠোর ধারায় অভিযোগ আনা হয়েছে।
জেএমবির শীর্ষ নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে জিহাদি মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে এই শাখা সংগঠনটি গঠন করেছিল। তদন্তে দেখা গেছে, সহজলভ্য ও আর্থিকভাবে দুর্বল যুবকদের ধর্মের নামে মগজধোলাই করে উগ্রবাদে দীক্ষিত করাই ছিল তাদের মূল কৌশল। আসামে এই নেটওয়ার্ক বিস্তারের দায়িত্বে ছিলেন নাসিমুদ্দিন এবং ত্রিপুরার দায়িত্বে ছিলেন জগীর মিয়া। ডিজিটাল প্রচার ও গোপন বৈঠকের মাধ্যমে তারা ভারতবিরোধী কার্যকলাপে যুবকদের প্ররোচিত করত। তদন্তের সময় এনআইএ একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও সংবেদনশীল নথিপত্র উদ্ধার করেছে, যা এই জঙ্গি সংগঠনের গভীর ষড়যন্ত্রের প্রমাণ বহন করে।