পাহাড়ের গভীরে হেজবোল্লার গোপন ড্রোন কারখানা গুঁড়িয়ে দিল ইজরায়েল!
দক্ষিণ লেবাননের মাজদাল জুন গ্রামে পাহাড়ের গভীরে হেজবোল্লার একটি বিশাল ও অত্যাধুনিক ভূগর্ভস্থ ড্রোন কারখানার সন্ধান পেয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইজরায়েল সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটিকে হেজবোল্লার এযাবৎকালের সবচেয়ে উন্নত সামরিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাটির ২৯ মিটার নিচে কয়েকশো মিটার জুড়ে বিস্তৃত এই ঘাঁটিটি গত এক দশক ধরে ইরানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় গড়ে তোলা হয়েছিল। বিস্ফোরক প্রতিরোধে সক্ষম ইস্পাতের দরজা দিয়ে সুরক্ষিত এই কারখানায় চোরাচালান করা যন্ত্রাংশ দিয়ে ড্রোন তৈরি ও সংযোজন করা হতো।
ইজরায়েলি সেনা অভিযানের সময় এই গোপন কারখানা থেকে আট টন বিস্ফোরক এবং ৩০ কেজি ওজনের ওয়ারহেড যুক্ত ৫০টি অত্যাধুনিক ড্রোন উদ্ধার করেছে। ড্রোন তৈরির পাশাপাশি ইজরায়েলের অভ্যন্তরে সরাসরি হামলার লক্ষ্যে পাহাড়ের দক্ষিণ দিকে একটি বিশেষ উৎক্ষেপণ সুড়ঙ্গ ও চারটি সুরক্ষিত নির্গমন পথও তৈরি করেছিল হেজবোল্লা। সামরিক কর্মকর্তাদের মতে, এই ঘাঁটিটি ধ্বংসের ফলে হেজবোল্লার ড্রোন হামলার সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং চলমান সংঘাতে ইজরায়েল বড় ধরনের কৌশলগত সুবিধা লাভ করবে।