পানাগ – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
পানাগড়: মঙ্গলবার সকালে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা নাগাদ একটি তিনতলা বাণিজ্যিক ভবনের একতলায় অবস্থিত স্কুটির শোরুম থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা গোটা শোরুমে ছড়িয়ে পড়ে এবং এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনায় দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে জড়ো হন। যে ভবনে আগুনটি লাগে, তার দোতলায় একটি শিশুদের স্কুল এবং তিনতলায় একটি পরিবার বসবাস করত। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়দের উদ্বেগ বহুগুণ বেড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীদের ক্ষিপ্রতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, বেশ কিছুক্ষণ ধোঁয়ার কারণে এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে থাকে। অগ্নিকাণ্ডে শোরুমের ভেতরে থাকা একাধিক স্কুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং মোট ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।