পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর!

পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের উন্নয়ন, ইতিহাস ও রাজনৈতিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন। তারকেশ্বরের মঞ্চ থেকে তিনি দাবি করেন, বর্তমান বাংলার হাওয়ায় নতুন সতেজতার ছোঁয়া লেগেছে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোতে গতি আসায় গ্রামেগঞ্জে নতুন আশার সঞ্চার হয়েছে। ওড়িশার কর্মসূচি শেষে রাজ্যে পৌঁছে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দাবি করেন, একটি নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে এসেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করেন এবং দেশভাগের সময় বাংলাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রক্ষায় তাঁর ভূমিকা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অপশাসনের কারণে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যটি পিছিয়ে পড়েছে। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাওড়ায় নতুন রেল হাসপাতালসহ সড়ক, স্বাস্থ্য, কৃষি ও মৎস্যচাষ সংক্রান্ত একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। এছাড়াও, তিনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ প্রদান এবং পশ্চিমবঙ্গের জন্য ফসল বিমা যোজনাসহ ডিজিটাল এগ্রিকালচার মিশনের ঘোষণা করেন।

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে ‘মিশন পূর্বোদয়’-এর অধীনে পশ্চিমবঙ্গের উন্নয়নকে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, বাংলার অর্থনৈতিক ও পরিকাঠামোগত অগ্রগতি সমগ্র পূর্ব ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। এছাড়া, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের এই ভূমি থেকে তিনি বিশ্ববাসীর কাছে যোগের মাহাত্ম্য প্রচারের বার্তাও দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *