ধেয়ে আসছে ৫০ কিমি বেগে ঝড়, যোগ দিবসে জারি রেড অ্যালার্ট!

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যেই আজ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার, আন্তর্জাতিক যোগ দিবসের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খণ্ডের ওপর ঘনীভূত বজ্রগর্ভ মেঘের প্রভাবে রাজ্যের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, সকালের দিকে যোগ দিবসের কর্মসূচিতে বৃষ্টির তেমন প্রভাব পড়ার আশঙ্কা কম। এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে পরিস্থিতি উদ্বেগজনক থাকলেও, আজকের পর থেকে সেখানে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমে আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি ও ব্যাপক বজ্রপাতের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী এবং দার্জিলিং ও কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *