পশ্চিমবঙ্গ দিবসে মোদীর কণ্ঠে বাঙালি হিন্দুর অস্মিতা!

রাজ্যের প্রথম সরকারি ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মঞ্চ থেকে বাঙালির ইতিহাস ও আত্মপরিচয়কে কেন্দ্র করে অতীতের শাসকদলগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিগত সরকারগুলোর রাজনৈতিক উদাসীনতার কারণেই ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’, নোয়াখালির দাঙ্গা ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের মতো বাংলার গৌরবময় অথচ রক্তক্ষয়ী ইতিহাস এতদিন আড়ালে রাখা হয়েছিল।

ভাষণে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশভাগের সময় কংগ্রেস বাংলাকে অনাথের মতো ফেলে রেখেছিল এবং চক্রান্তকারীদের সামনে নতি স্বীকার করেছিল। তবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দৃঢ় নেতৃত্বে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত ব্যর্থ হয়। বর্তমান ‘ডবল ইঞ্জিন’ সরকার রাজ্যের কৃষি, মৎস্যপালন ও পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে রাজ্যের নতুন সরকারের অবস্থান মজবুত করার পাশাপাশি বাঙালি হিন্দুর সাংস্কৃতিক অস্মিতাকে জাগিয়ে তুলে জাতীয়তাবাদী আবেগকে সুসংহত করার প্রয়াস নিয়েছেন প্রধানমন্ত্রী। তারকেশ্বরের সভা শেষে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরেছেন এবং আজ সন্ধ্যায় মিলেনিয়াম পার্কের ‘যোগ কার্নিভ্যাল’ ও রবিবার রেড রোডের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *