নিশিকান্ত দুবের মন্তব্যে তোলপাড়, নোয়াখালি-চট্টগ্রাম উদ্ধারের ডাক দিলেন বিজেপি সাংসদ! – বর্তমান বাংলা

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের
নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা এবং ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, ভারতের উচিত বাংলাদেশের নোয়াখালি, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধার করা।
নিশিকান্ত দুবের দাবি, ১৯৪৭ সালে দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরার রাজা বীরবিক্রম সিংহ নোয়াখালি, সিলেট ও চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত রাখার কথা বলেছিলেন। তাঁর অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই প্রস্তাব উপেক্ষা করে ওই অঞ্চলগুলি পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। সাংসদের কথায়, ‘‘নেহরুর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই এখন এই অঞ্চলগুলি পুনরুদ্ধার করা প্রয়োজন।’’
সাংসদ আরও দাবি করেন, উত্তর-পূর্ব ভারতের অনুন্নয়ন এবং বিচ্ছিন্নতাবোধের অন্যতম কারণ হলো ভারতের কাছে চট্টগ্রাম বন্দরের না থাকা। এই বন্দরটি ভারতের নিয়ন্ত্রণে এলে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হতো বলে তিনি মনে করেন।
নিশিকান্ত দুবের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, দায়িত্বশীল পদে থেকে এই ধরনের মন্তব্য কেবল ভিত্তিহীনই নয়, বরং তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েনের এই সময়ে সাংসদের এই বক্তব্য নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, অতীতে পশ্চিমবঙ্গ ও বিহারের একাংশ নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে সরব হয়ে বহুবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নিশিকান্ত দুবে। এবার বাংলাদেশের ভূখণ্ড নিয়ে তাঁর এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল।