ইউরোপে অস্ত্র রফতানিতে রেকর্ড ভারতের, এক বছরে আয় ৩৮ হাজার কোটি টাকা

প্রতিরক্ষা রফতানির ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ৩৮ হাজার ৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের ‘রিআর্ম ইউরোপ’ কর্মসূচির আওতায় অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদা এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ফলে ভারত ইউরোপের বাজারে তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে উঠে এসেছে। এই তালিকায় ভারতের আগে রয়েছে কেবল আমেরিকা ও ইজরায়েল।
প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহ জানিয়েছেন, গত অর্থবর্ষে রফতানির এই পরিমাণ ছিল ২৩ হাজার ৬২২ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরে রফতানি বেড়েছে প্রায় ৬২.৬৬ শতাংশ। মূলত আর্টিলারি শেল, বিস্ফোরক এবং বিভিন্ন ক্যালিবারের গোলাবারুদের চাহিদাই এই সাফল্যের মূল কারণ। বর্তমানে ভারত ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে। এর মধ্যে রয়েছে ছোট আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, ড্রোন, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা।
দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় বর্তমানে ১৬টি সরকারি কোম্পানির পাশাপাশি প্রায় ৮৪০টি মাঝারি ও বড় বেসরকারি প্রতিষ্ঠান এবং ১৭ হাজার ক্ষুদ্র প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। রফতানিকারক সংস্থার সংখ্যাও ১২৮ থেকে বেড়ে ১৪৫-এ দাঁড়িয়েছে। সরকারের লক্ষ্য হলো বার্ষিক প্রতিরক্ষা মূলধনি ব্যয়ের ৭৫ শতাংশ দেশের অভ্যন্তরেই ব্যয় করা। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মাধ্যমে ইউরোপীয় কোম্পানিগুলোকে ভারতে উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে, যাতে যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ভারতের অংশগ্রহণ আরও সম্প্রসারিত করা যায়।