নিট পরীক্ষার্থীদের যাতায়াতে বড় স্বস্তি, আসছে স্পেশ্যাল ট্রেন!
আগামী ২১ জুন দেশজুড়ে আয়োজিত মেগা রি-নিট ইউজি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভিড় সামাল দিতে ওই দিন বিশেষ মেমু ট্রেন চালানোর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ট্রেনে অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ০৩৫৩৯ অণ্ডাল–সাঁইথিয়া মেমু স্পেশ্যাল ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে অণ্ডাল থেকে রওনা দিয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে সাঁইথিয়ায় পৌঁছাবে। ফিরতি পথে ০৩৫৪০ সাঁইথিয়া–অণ্ডাল মেমু স্পেশ্যাল ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাঁইথিয়া থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে অণ্ডালে পৌঁছাবে। এছাড়াও, হাওড়া–সিউড়ি হুল এক্সপ্রেস (২২৩২১) ট্রেনটি ওই দিন অণ্ডাল–সিউড়ি শাখার সমস্ত স্টেশনে থামবে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে যানজট ও যানবাহনের অভাব এড়িয়ে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই বিশেষ সময়সূচি ও স্টপেজের সুবিধা নিয়ে যাত্রীদের আগে থেকে ভ্রমণের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে আসানসোল ডিভিশন।