নবান্নে শুভেন্দুর ঠাসা কর্মসূচি, শমীকের সঙ্গে বৈঠকের পরেই বসছে প্রথম মন্ত্রিসভা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার নবান্নে নিজের প্রথম কর্মদিবস শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ দিনভর তাঁর একাধিক প্রশাসনিক ও সাংগঠনিক কর্মসূচি রয়েছে। তবে নবান্নে যাওয়ার আগে সকালেই দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসবেন তিনি। সরকারের কাজের সঙ্গে দলের সমন্বয় বজায় রাখতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

বেলা ১২টায় প্রথম মন্ত্রিসভার বৈঠক

মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচির মূল আকর্ষণ হলো মন্ত্রিসভার প্রথম বৈঠক। বেলা ১২টায় নবান্নে তাঁর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হবে। এই বৈঠকে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে বেশ কিছু বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিশেষ করে নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পালনে সরকারের প্রাথমিক রূপরেখা এই বৈঠকেই তৈরি হতে পারে।

প্রশাসনিক তৎপরতা ও জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ

মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি আজই তিনটি আলাদা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনার কথা রয়েছে তাঁর। এরপর বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির সমস্ত জয়ী প্রার্থীদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। জয়ী বিধায়কদের নিজ নিজ এলাকায় কাজের নিদান দিতেই এই তলব বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিনেই শুভেন্দুর এই সক্রিয়তা প্রশাসনের অন্দরেও চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *