নদিয়ায় সরকারি জমি লুটের অভিযোগ, কাঠগড়ায় অভিষেক!

নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা এবং মূল্যবান গাছ পাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দায়ের করা এই মামলার ভিত্তিতে আদালত আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুলিশকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মামলাকারীদের অভিযোগ, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজ ২০২০ সালে শেষ হওয়ার পর থেকে ওই এলাকার সাড়ে ৪০০ বিঘা জমির মাটি কেটে বিক্রি করা হয়েছে। পাশাপাশি, এলাকা থেকে হাজার হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ কেটে পাচার করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে এই লুটপাট চালানো হচ্ছিল। এছাড়াও, কাজের প্রলোভন দেখিয়ে এলাকার আদিবাসী নারীদের ওপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে এই মামলায়। এর আগে ডায়মন্ড হারবারেও মাটি চুরির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *