নদিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু তরুণীর

নদিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু তরুণীর

নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা এলাকায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক তরুণীর। মৃতার নাম দিয়া সরকার, বয়স ১৮ বছর। তিনি স্থানীয় একটি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার রাতে বাপুজি নগর এলাকার একটি বারোয়ারি পুজোর বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছিল। প্রতিমা বিসর্জনের পর ফেরার পথেই ঘটে এই বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভাযাত্রার সঙ্গে থাকা একটি ইঞ্জিনভ্যানে জেনারেটর ছিল। অসাবধানতাবশত ওই তরুণী জেনারেটরের খুব কাছে চলে যান। তাঁর খোলা চুল মুহূর্তের মধ্যে জেনারেটরের ইঞ্জিনে জড়িয়ে যায়। এর ফলে তিনি জেনারেটরের ওপর হুমড়ি খেয়ে পড়েন এবং গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিসর্জনের কাজে ব্যবহৃত ইঞ্জিনভ্যান ও অন্যান্য গাড়ি আটক করেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং এতে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *