দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর দিল্লি, বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ

দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর দিল্লি, বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ

দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসের গুণমান লাগাতার খারাপ হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লি দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে বল্লভগড়। এছাড়া গুরুগ্রাম ও নয়ডাতেও বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে। বাতাসে অতি ক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫-এর মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় রাজধানী কার্যত একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

দিল্লির অন্তত ১৩টি এলাকায় দূষণের মাত্রা চরম সীমায় পৌঁছেছে। এর মধ্যে বসুন্ধরা এনক্লেভ, ছাওলা, ওয়াজিরপুর, আনন্দ বিহার, রোহিণী, নর্থ ক্যাম্পাস এবং আইআইটি চত্বরের মতো এলাকাগুলোতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এছাড়া পাঞ্জাবি বাগ, জাহাঙ্গিরপুরী, বিবেক বিহার ও মুন্ডকার মতো এলাকাগুলোতেও দূষণের সূচক উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দিল্লির দূষণের ৩১.৫ শতাংশের জন্য দায়ী যানবাহনের ধোঁয়া। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, বর্জ্য পোড়ানো এবং শিল্পক্ষেত্রের দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি দূষণ কিছুটা কমাতে সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *