নতুন মন্ত্রিসভায় কার হাতে কোন মন্ত্রণালয়? দেখুন সম্ভাব্য তালিকা!
রাজ্যের নতুন মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রীর পদের দায়িত্ব বণ্টনের খসড়া চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারে প্রশাসনিক ও সাংগঠনিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ সব দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমিরাজস্ব এবং বিদ্যুৎ দপ্তরের মতো স্পর্শকাতর বিভাগগুলোর দায়িত্ব। এছাড়া রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিকিৎসক-রাজনীতিক শারদ্বত মুখোপাধ্যায় এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে তাপস রায়ের নাম চূড়ান্ত করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রের জটিলতা নিরসনে শিক্ষা দপ্তরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেখানে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষা দপ্তরের দায়িত্ব দীপক বর্মণের হাতে থাকছে। মন্ত্রিসভার অন্যান্য রদবদলের মধ্যে দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ; অগ্নিমিত্রা পালকে নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন; অশোক কীর্তনিয়াকে খাদ্য ও সরবরাহ; শঙ্কর ঘোষকে পর্যটন; অর্জুন সিংহকে পরিবহণ ও শ্রম এবং ইন্দ্রনীল খাঁকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতিতে তৈরি এই খসড়াটি রাজ্যের আগামী দিনের প্রশাসনিক কর্মপরিকল্পনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।