দুর্গাপুরে ছটপুজোর আগে জলাশয় ও ঘাট পরিদর্শনে জেলাশাসক

আসন্ন ছটপুজো উপলক্ষে দুর্গাপুরের অম্বুজানগরীর ভবানী পাঠক কালীমন্দির ও সংলগ্ন জলাশয় পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম। বৃহস্পতিবার দুপুরে তাঁর সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্দিরের পাশে শৌচালয় নির্মাণ এবং জলাশয়টি সংস্কারের বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি সেন্টার এলাকার এই জলাশয়টি বর্তমানে আগাছা ও আবর্জনায় পূর্ণ হয়ে পড়েছে। তাঁদের দাবি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা (এডিডিএ) ও পুরসভার উদাসীনতায় জল দূষিত হওয়ায় পরিযায়ী পাখিদের আনাগোনাও কমেছে। ২০২৩ সালে এডিডিএ প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে একটি ঘাট নির্মাণ করলেও, তা স্থানীয়দের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে।
ভবানী পাঠক ছটপুজো সেবা সমিতির সদস্য রাকেশ সিং জানান, জলাশয়টির বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। একটি মাত্র ঘাটে ১৫০টি পরিবারের পক্ষে ছটপুজো করা সম্ভব নয় বলে তাঁরা অস্থায়ীভাবে আরও দু’টি সিঁড়ি তৈরি করেছেন। জল দূষণমুক্ত করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হচ্ছে। সমিতির পক্ষ থেকে জলাশয় সংস্কার ও নতুন ঘাট তৈরির দাবি জানানো হয়েছে জেলাশাসকের কাছে।
জেলাশাসক এস পোন্নমবলম জানিয়েছেন, ছটপুজোর আর মাত্র দু’দিন বাকি থাকায় এই অল্প সময়ে জলাশয় সংস্কার বা নতুন ঘাট নির্মাণ করা সম্ভব নয়। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, আগামী দিনে এই জলাশয়টির সংস্কার এবং নতুন ঘাট তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।