সোমবার বিজেপির প্রথম বাজেট, কর্মসংস্থান ও শিল্পের আশায় বুক বাঁধছে বঙ্গবাসী!
স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে। সোমবার দুপুর ১২টায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বাজেট পেশ করবেন। এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাবটির অনুমোদন নেওয়া হবে। রাজ্যের বর্তমান অর্থব্যবস্থা এবং বিপুল ঋণের বোঝা সামলে নতুন সরকার কীভাবে উন্নয়নমুখী রূপরেখা তৈরি করে, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী।
এই বাজেটকে ত্রুটিহীন ও বাস্তবমুখী করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে পরামর্শ করেছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা না চাপিয়েই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আশ্বাস দিয়েছেন তিনি। মূলত কর্মসংস্থান, শিল্পের প্রসার, আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনার মতো সামাজিক প্রকল্পের বরাদ্দ এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকেই নজর থাকবে এবারের বাজেটে। বিজেপি নেতৃত্বের দাবি, এই বাজেট হবে সর্বমুখী, যা রাজ্যের সব শ্রেণির মানুষের প্রত্যাশা পূরণ করবে।