ট্রেনে পকেটমার, তারপর ব্যাংক ফাঁকা! পুলিশের হাতে বিরাট রহস্যভেদ!

বর্ধমান: চলন্ত ট্রেনে মোবাইল চুরির পর মোবাইল ব্যাংকিং জালিয়াতির ঘটনা, ৪০ হাজার টাকা উদ্ধার করল পুলিশ

পূর্ব বর্ধমানে চলন্ত ট্রেনে মোবাইল চুরির পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অবশেষে প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ। জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই ঘটনায় পুলিশের তৎপরতা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশাগামী ট্রেনে যাতায়াতের সময় পরিযায়ী শ্রমিক সন্দীপ ভারুইয়ের মোবাইলটি চুরি হয়। চুরির পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৩৯ হাজার ৯৯৮ টাকা সরিয়ে ফেলে দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া অর্থ তিনটি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। দ্রুত সেই অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে টাকা ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার মঙ্গলকোট থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিযোগকারীর পরিবারের হাতে উদ্ধার হওয়া টাকা তুলে দেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হারানো টাকা ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *