টালায় পাইপলাইন মেরামতের পর জল সরবরাহ শুরু, স্বাভাবিক হতে লাগবে আরও সময়

টালা ব্রিজের নিচে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনায় গত দু’দিন ধরে চলা তীব্র জলসঙ্কট কিছুটা কাটল। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বিকল্প পাইপলাইনের মাধ্যমে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল সরবরাহ ফের চালু করেছে কলকাতা পুরসভা। তবে পরিষেবা চালু হলেও জলের বেগ এখনও বেশ কম রয়েছে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
গত সোমবার সকালে টালা রেলগেট সংলগ্ন এলাকায় পাইপলাইন ফেটে যাওয়ায় বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হয়। এর ফলে টালা, শোভাবাজার, বাগবাজার, মানিকতলা, এন্টালি, গিরিশ পার্ক, আহিরিটোলা ও শিয়ালদহসহ উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের তীব্র অভাব দেখা দেয়। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও কসবার মতো কিছু এলাকাতেও জলের চাপ কমে যায়। পরিস্থিতি মোকাবিলায় পুরসভা বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠালেও বাসিন্দাদের একাংশ পর্যাপ্ত পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন।
পুর কর্তৃপক্ষের দাবি, বুধবার সন্ধ্যা পর্যন্ত ছ’টি বরো এলাকায় প্রায় ৮০০টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে এবং হেল্পলাইন নম্বরে আসা অধিকাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে মূল পাইপলাইন মেরামতের কাজ চলছে এবং ধীরে ধীরে জলের চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, জলের বেগ কম থাকায় দৈনন্দিন কাজে এখনও সমস্যা রয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।