টালায় পাইপলাইন মেরামতির কাজ চলছে, শুক্রবারের আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম

টালায় পাইপলাইন মেরামতির কাজ চলছে, শুক্রবারের আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম

টালা সেতুর নিচে ব্রিটিশ আমলের প্রধান পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় তীব্র পানীয় জলের সংকট তৈরি হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই সমস্যায় শহরের একাধিক এলাকায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা টালা সেতু ও মন্মথ গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে ১২০০ মিলিমিটার ব্যাসার্ধের একটি পাইপলাইনকে ১৮০০ মিলিমিটারের মূল পাইপলাইনের সঙ্গে যুক্ত করার কাজ শুরু করেছে। বিকল্প এই সংযোগের মাধ্যমে জল সরবরাহ সচল করার চেষ্টা চলছে।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, মেরামতির কাজ চলাকালীন বুধবার বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি ও সংলগ্ন এলাকায় জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জায়গাটি জলমগ্ন থাকায় ফাটল চিহ্নিত করতে কর্মীদের বেগ পেতে হচ্ছে। বিকল্প লাইনের কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি জলশূন্য করে মূল মেরামতির কাজ শুরু করা হবে। আগামী শুক্রবারের আগে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে পুরসভা সূত্রে খবর।

জল সংকট মোকাবিলায় পুরসভার তরফে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক বাসিন্দার অভিযোগ, চাহিদার তুলনায় ট্যাঙ্কারের সংখ্যা অপ্রতুল। পুরসভার তরফে নাগরিকদের পানীয় জল সংরক্ষণ করে রাখার এবং অপচয় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাইপলাইনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পুনরায় স্বাভাবিক জল সরবরাহ চালু করা সম্ভব হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *