টাকা ফেরতের দাবিতে তুলকালাম, ডিম ছুড়ে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ!

আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচমাইল এলাকায় চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুণধর খাঁড়া নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান গুণধর খাঁড়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় ৬০ থেকে ৭০ জন বেকার যুবক-যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলেছিলেন। শুক্রবার প্রতারিতরা তাঁর ফার্মহাউসে চড়াও হয়ে বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম নিক্ষেপ করে। শেষপর্যন্ত টাকা ফেরতের মুচলেকা লিখে দেওয়ার পর পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

জনরোষের মুখে গুণধর খাঁড়া স্বীকার করেন যে, তিনি প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা তুলেছিলেন এবং সেই অর্থ হুগলি জেলার প্রাক্তন যুব তৃণমূল সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। বিক্ষোভে অংশ নেওয়া রীতা দাস ও স্বদেশ সামন্তের মতো একাধিক চাকরিপ্রার্থী জানান, সাড়ে ৫ লক্ষ টাকা করেও দেওয়ার পরও তাঁরা চাকরি পাননি এবং টাকাও ফেরত পাননি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এই নেতার ছোট মেয়ের চাকরিও ইতিমধ্যে বাতিল হয়েছে। এলাকা থমথমে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *