জল-খাবারেই লুকিয়ে মৃত্যু! কেরলে প্রাণঘাতী ‘শিগেলা’ আতঙ্কে কাঁপছে রাজ্য।
কেরলে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ‘শিগেলা’ সংক্রমণ, আক্রান্ত ১৩৩
নিপা আতঙ্কের মাঝেই কেরলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রাণঘাতী ‘শিগেলা’ ব্যাকটেরিয়ার সংক্রমণ। বর্ষার মরশুমে দূষিত খাবার ও জল থেকে দ্রুত ছড়িয়ে পড়া এই ছোঁয়াচে রোগে আক্রান্তের সংখ্যা রাজ্যে ১৩৩ ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার নতুন করে ১৩ জনের শরীরে এই সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। চলতি বছরে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে সম্প্রতি। কোঝিকোড় এবং ওয়ানাড় জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। তবে স্বস্তির খবর হলো, কোঝিকোড়ে নিপা ভাইরাস সন্দেহে পরীক্ষা করা ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
চিকিৎসকদের মতে, শিগেলা একটি অতি সংক্রামক ব্যাকটেরিয়া, যা মূলত দূষিত জল, খাবার কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে ছড়ায়। অন্ত্রে মারাত্মক সংক্রমণ ঘটানো এই রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর এবং পানিশূন্যতা। অনেক ক্ষেত্রে মলের সঙ্গে রক্ত বা মিউকাসও বের হতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং প্রবীণদের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এ অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, বাইরের খাবার ও জলের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।