জলাভূমি বুজিয়ে ৫০০ অবৈধ নির্মাণ, বড় পদক্ষেপ নিল হাইকোর্ট!
ইস্ট কলকাতা মেট্রোপলিটান এলাকায় একের পর এক বেআইনি নির্মাণের ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। পরিবেশ বিধি লঙ্ঘন করে জলাভূমি বুজিয়ে সেখানে পাঁচশোর বেশি অবৈধ বহুতল গড়ে ওঠার ঘটনায় বিচারপতি অমৃতা সিনহা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই জটলায় জবাবদিহি চেয়ে কলকাতা পুরসভার কমিশনার, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকসহ প্রশাসনের তিন উচ্চপদস্থ কর্তাকে আগামী ১৪ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকার জলাভূমি বুজিয়ে এই অবৈধ নির্মাণগুলো গড়ে উঠলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। তারাতলা বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা স্পষ্ট করেছেন, এই পাঁচশোর বেশি বেআইনি নির্মাণের ভবিষ্যৎ কী হবে এবং প্রয়োজনে সেগুলো ভাঙার ক্ষেত্রে প্রশাসনের রূপরেখা কী—তা বিস্তারিত জানাতে হবে। হাই কোর্টের এই নির্দেশের ফলে সংশ্লিষ্ট এলাকায় বেআইনি নির্মাণ চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও বড়সড় উচ্ছেদ অভিযানের সম্ভাবনা তৈরি হয়েছে।